দেশে মোবাইল টাওয়ারে স্বাস্থ্য ঝুঁকি নেই

১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৪৭  
দেশে বিদ্যমান মোবাইল টাওয়ারের রেডিয়েশন আন্তর্জাতিক মানদন্ডের অনেক নীচে এবং এটি স্বাস্থ্য ঝুঁকিতে নেই বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সাম্প্রতিক জরিপ ও গবেষণা শেষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিটিআরসি এবং মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত টাওয়ার রেডিয়েশনের মানদণ্ড ও সাম্প্রতিক জরিপ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ার থেকে বিকিরণের মাত্রা জরিপ করে মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে আয়োজকরা। এসময় বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মো. আমিনুল হাসান বলেন, “টাওয়ার রেডিয়েশন আন্তর্জাতিক ও বিটিআরসির বেঁধে দেওয়া মানদণ্ডের অনেক নিচে আছে, তাই তা নিয়ে আতংকিত হওয়ার কোনো কারণ নেই।” মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটব মহাসচিব এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের উপপরিচালক শামসুজ্জোহা। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম শহিদুল আলম, হুয়াওয়ে টেকনলজিস (বাংলাদেশ)-এর মার্কেটিং বিভাগের পরিচালক এস এম নাজমুল হাসান।